১০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৫, ১০ সেপ্টেম্বর ২০২৬

টিপুর বিরুদ্ধে হোসিয়ারী এসোসিয়েশনের অফিস দখলের অভিযোগ

টিপুর বিরুদ্ধে হোসিয়ারী এসোসিয়েশনের অফিস দখলের অভিযোগ

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মালিকানাধীন হোসিয়ারী কমিউনিটি সেন্টারের একটি অফিস কক্ষ দখল করে ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগও জমা দেয় ব্যবসায়ী সংগঠনটির নেতারা।

অভিযোগে তারা উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত দুটি সংবাদ প্রতিবেদনে হোসিয়ারী কমিউনিটি সেন্টারকে ঘিরে বিভিন্ন অভিযোগ ওঠার পর উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় সংগঠনটির কোনো সম্পৃক্ততা নেই দাবি করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং অফিস কক্ষটি দখলমুক্ত করার দাবি জানান।

সংগঠনের নেতারা বলেন, হোসিয়ারী কমিউনিটি সেন্টার ভবনটি প্রায় পাঁচ বছর ধরে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বৈধভাবে ভাড়া দেওয়া হয়েছে। সেখানে জন্মদিন, সুন্নতে খতনা, বিবাহসহ বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান হয়ে আসছে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট থেকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে স্থানীয় কয়েকজন ব্যক্তি সংগঠনটির একটি অফিস কক্ষ জোরপূর্বক দখল করে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। এতে সংগঠনটির প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৯ সেপ্টেম্বর স্থানীয় পত্রিকায় প্রকাশিত ‘হোসিয়ারী মিলনায়তন সন্ত্রাসীদের ডেরা’ শিরোনামের প্রতিবেদনে কমিউনিটি সেন্টারটি ঘিরে সাধারণ মানুষকে ধরে নিয়ে আসা, ভয়ভীতি প্রদর্শন ও মারধরসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরা হয়েছে।

সংগঠনটি দাবি করেছে, তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি প্রদর্শন, মারধর বা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয়। তাদের মালিকানাধীন ভবন কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি।

বিষয়টি নিয়ে এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তারা।

এছাড়া গত ২৮ জুন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন), নারায়ণগঞ্জের মৌখিক নির্দেশনায় কমিউনিটি সেন্টার ভবনের মালিকানা ও কর পরিশোধসংক্রান্ত নথিপত্র এবং সংগঠনের সভাপতির লিখিত জবানবন্দি দাখিল করা হয়েছে বলেও জানানো হয়। তবে এখন পর্যন্ত অফিস কক্ষটি দখলমুক্ত করতে কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে সংগঠনটি।

হোসিয়ারী এসোসিয়েশনের দাবি, এ পরিস্থিতির কারণে কমিউনিটি সেন্টারের ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপত্তা ও পরিবেশের বিষয় বিবেচনায় সাধারণ মানুষ সেখানে সামাজিক অনুষ্ঠান আয়োজনেও আগ্রহ হারাচ্ছেন। এতে কমিউনিটি সেন্টারের ভাড়াটিয়া ও এসোসিয়েশন উভয়েই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

অভিযোগে ভবন ও অফিস কক্ষ দখলমুক্ত করা, সেখানে কোনো আইনবিরোধী কর্মকাণ্ড হচ্ছে কিনা তা তদন্ত করা, ভবনের মালিকানা ও দখল যাচাই করে সংগঠনটির বৈধ দখল নিশ্চিত করা এবং ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে কোনো অনাকাক্সিক্ষত বা আইনশৃঙ্খলা অবনতির ঘটনা ঘটলে তার দায় যেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের ওপর না পড়ে, সে বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “যারা বলছে, তাদের জিজ্ঞেস করবেন, দখল কাকে বলে, দখলের ব্যাখ্যা কী? এখানে দখলের কোনো প্রশ্নই ওঠে না। আমি কোনো দখলই করিনি। হোসিয়ারি সমিতি যারা কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে চালায়, তাদের অফিস কক্ষে আমি মাঝে মাঝে বসি।”

“আর যারা বলছে, এখানে ওসমান পরিবারের দালাল ও ওসমান পরিবারের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপির নেতা-কর্মীদের বিভ্রান্ত করতে এ ধরনের কথা বলা হচ্ছে।”

সর্বশেষ

জনপ্রিয়