১১ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৩, ১১ সেপ্টেম্বর ২০২৬

মাদক প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আল আমিনের

মাদক প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আল আমিনের

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা নাগরিক দুর্ভোগ কোনো দল বা গোষ্ঠীর সমস্যা নয়; এগুলো পুরো সমাজের সমস্যা। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি আলেম-ওলামা, মুরব্বি ও যুবসমাজকে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) গোগনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় বাইতুচ্ছালাত জামে মসজিদে জুমার নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, এলাকার অন্যতম প্রধান সমস্যা মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। মাদক প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সমাজকে সঠিক পথে পরিচালনায় আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যায়-অনিয়মের বিরুদ্ধে আলেমদের হক কথা বলতে হবে—সেটি কারও পক্ষে বা বিপক্ষে গেলেও। একই সঙ্গে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে নৈতিক নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রতিনিধিদের জবাবদিহির ওপর গুরুত্ব দিয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, তিনিও কোনো অন্যায় করলে জনগণ যেন তাঁকে প্রশ্ন করেন এবং ভুল ধরিয়ে দেন। রাষ্ট্রীয় উন্নয়ন বরাদ্দ জনগণের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, এসব অর্থ কোনো ব্যক্তি, পরিবার বা দলের স্বার্থে নয়, জনকল্যাণে ব্যবহার করতে হবে।

প্রোটোকল ও অতিরিক্ত আনুষ্ঠানিকতার বাইরে সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের কথা শোনা এবং এলাকার সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করার কথাও জানান তিনি।

জুমার নামাজ শেষে তিনি মুসুল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও বক্তব্য শোনেন। পরে এলাকার বিভিন্ন স্থানে ঘুরে নাগরিক সমস্যাগুলো সরেজমিনে দেখেন।

এ সময় মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংসদ সদস্য।

সর্বশেষ

জনপ্রিয়