সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, ভেঙে গেল দুই পা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে মো. সুমন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর দুই পা ভেঙে যাওয়ার পাশাপাশি চোখেও আঘাত লেগেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিট থেকে ৬টা ৫০ মিনিটের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে সাইনবোর্ড-চাষাঢ়াগামী সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি অজ্ঞাত এক ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে আটক করে মারধর করেন। একপর্যায়ে তাঁর দুই পা ভেঙে যায় বলে জানা গেছে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
আহত সুমনের ছেলে নীরব বলেন, ‘আমার আব্বুর নাম মো. সুমন মিয়া। আমরা ডগাইর বাজার এলাকায় থাকি। আমার আব্বু কেন এখানে এসেছেন, তা আমরা জানি না। এখানে এসে শুনতে পেয়েছি, আমার আব্বুর হোন্ডার সঙ্গে সংঘর্ষে দুটি পা ভেঙে গেছে এবং চোখেও আঘাত লেগেছে। জালকুঁড়ি এলাকায় কেন এসেছেন, সেটাও আমরা জানি না। আমার আব্বুর কাছে কোনো টাকা পাইনি, শুধু একটি মোবাইল পেয়েছি।’
তিনি জানান, আহত সুমনকে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইউসুফ মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে গিয়ে তাঁরা জানতে পারেন, আহত সুমন একজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে গেছেন। তবে রাস্তা পার হওয়ার সময় হোন্ডার সঙ্গে ধাক্কা লেগে তাঁর দুই পা ভেঙে যেতে পারে বলেও প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে বিস্তারিত পেলে জানানো হবে।’





































