বন্ধ তিন কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জে বন্ধ তিনটি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। একই সঙ্গে বন্ধ ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিমিটেড কারখানা পুনরায় চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ফতুল্লার টাগারপাড় শিল্পাঞ্চলের ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া মজুরি এখনো পরিশোধ করা হয়নি। অন্যদিকে গত জুনে সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড এবং ২০ অক্টোবর রিচ প্লাস নীটওয়্যার লিমিটেড শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধ না করেই বন্ধ করে দেওয়া হয়েছে।
নেতারা অভিযোগ করেন, তিনটি কারখানার শ্রমিকেরা পাওনা আদায়ের জন্য মালিকপক্ষ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ), বিভাগীয় শ্রম দপ্তর, বিকেএমইএ ও ফতুল্লা থানাসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ ও দাবিনামা দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বারবার সমাধানের আশ্বাস দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মালিকপক্ষও বারবার সময় নিয়ে পাওনা পরিশোধ করছে না।
শ্রমিক নেতারা আরও বলেন, বকেয়া মজুরি ও আইনানুগ পাওনা না পেয়ে শ্রমিকেরা বাড়িভাড়া ও দোকানের বকেয়া বিল পরিশোধ করতে পারছেন না। সন্তানদের লেখাপড়া, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে গিয়ে চরম মানবিক সংকটে পড়েছেন তারা। প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তা শ্রমিকদের সংকট আরও গভীর করছে।
সমাবেশ থেকে ইউনাইটেড অ্যাপারেল কম্পোজিটের বকেয়া মজুরি পরিশোধ ও কারখানা পুনরায় চালু, সেঞ্চুরি অ্যাপারেলস ও রিচ প্লাস নীটওয়্যারের শ্রমিকদের যাবতীয় আইনানুগ পাওনা পরিশোধসহ সাত দফা দাবি জানানো হয়। পাশাপাশি শ্রম আইন লঙ্ঘনকারী মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলা দায়ের বন্ধের দাবি জানান নেতারা।
অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে মালিকপক্ষ, প্রশাসন ও শ্রম দপ্তর কার্যকর উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগ, গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন এবং সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।





































