কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচির বিরুদ্ধে যুবদলের মিছিল
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি এবং ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে নগরীর নবাব সিরাজউদ্দৌলা সড়কের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি চাষাড়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন নেতা-কর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রফিক আহমেদ ডলার। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা সব সময় প্রস্তুত। তারা কখনো ‘খেলা হবে’ বলে বোরখা পরে পালিয়ে যান না।
রফিক আহমেদ ডলার বলেন, ‘হাসিনা কোনো ইস্যু নয়। তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন, সেটি আমরা জানি না। জানতেও চাই না। আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, তারা অন্য কেউ নন, তারা ভারত।’
ভারতের উদ্দেশে তিনি আরও বলেন, ‘সাত ভাই চম্পা আমরা ছবি দেখেছি। আপনারা যদি আমাদের বাংলাদেশকে অশান্ত করতে চান, আপনাদের সাত বোনের সংসার কিন্তু আমাদের পাশেই বহমান। তারাও অশান্তিতে ভোগবে।’
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম ও সহসাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল।
এ সময় জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব ও যুবদল নেতা হাসানসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





































