শামীমের ওসমানের সঙ্গে মিলে টাকা পাচার, দুদকের জালে নীট কনসার্নের জয়নাল-জাহাঙ্গীর
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সঙ্গে মিলে টেলিকমিউনকেশন খাত সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের নামে প্রায় ১৯৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রস্তুত করা অভিযোগপত্রে উঠে এসেছে নীট কনসার্ন গ্রুপের দুই পরিচালকের নাম।
দুদক বলছে, আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির বিপরীতে অর্জিত ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা দেশে না এনে পাচার করা হয়েছে। এতে যুক্ত ছিলেন শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা। এর বাইরে নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জয়নাল আবেদীন মোল্লা এবং তার ছোটভাই ও ওই গ্রুপের পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লারও সম্পৃক্ততা পেয়েছে দুদক।
অর্থ পাচারে অভিযুক্ত প্রতিষ্ঠান ‘কে কমিউনিকেশন্স লিমিটেড’র পরিচালকের পদেও ছিলেন নীট কনসার্নের ওই দুই সহোদর।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর প্রধান কার্যালয়ে দুর্নীতি রোধে কাজ করা সংস্থাটির সচিক সাইদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের ১৬ জানুয়ারি করা মামলাটির তদন্ত শেষে তৈরি অভিযোগপত্রও প্রস্তুত করা হয়েছে। অভিযোগপত্রটি প্রধান কার্যালয় অনুমোদনও দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ইমরান খান অপু আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।
অভিযোগপত্রে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে ইমতিনান ওসমান অয়ন, শ্যালক তানভীর আহমেদ টিটু, নীট কনসার্ন গ্রুপের এমডি জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর আলম মোল্লার নাম রয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় অপরাধের কথা অভিযোগপত্রে উল্লেখ করেছে দুদক।
সংস্থাটি বলছে, ‘কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড’র চেয়ারম্যান ছিলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তার শ্যালক তানভীর আহমেদ টিটু। এছাড়া, পরিচালক ও শেয়ালহোল্ডার হিসেবে ছিলেন বাকিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি ও ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে নীট কনসার্নের রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে। নীট কনসার্নের মালিক জয়নাল আবেদীন মোল্লা ও তার দুই ভাই জাহাঙ্গীর হোসেন মোল্লা এবং মনির হোসেন মোল্লার সঙ্গে ওসমান পরিবারের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। স্থানীয়ভাবে ভূমিদস্যুতা ও সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নানা অপরাধী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত হলেও শামীম ওসমানের সঙ্গে সখ্যতা থাকার কারণে নীট কনসার্নের মালিক এই মোল্লা পরিবারের সদস্যদের কখনো প্রশাসনিক জটিলতায় পড়তে হয়নি। এমনকি ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ওসমান পরিবারের সদস্যদের ব্যবসা-বাণিজ্য দেখভালের দায়িত্বও নেন জয়নাল আবেদীন মোল্লার ও জাহাঙ্গীর হোসেন মোল্লা। হত্যা, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত ওসমান পরিবারের সদস্য আজমেরী ওসমানকেও নীট কনসার্নের পাঠানটুলির প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি নীট কনসার্নের বিরুদ্ধে গোদনাইলের লক্ষ্মীনারায়ণ কটন মিলের দুর্গামন্দির দখলচেষ্টারও অভিযোগ ওঠে। মন্দিরে ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক হন মনির হোসেন মোল্লা ও তাদের প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনচার্জ ইব্রাহিম। পরে মন্দিরে প্রবেশে আর বাধা না দেওয়ার বিষয়ে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।
এদিকে, অর্থ পাচারের অভিযোগে দুদকের তদন্ত বলছে, টেলিকমিউশন খাতের ওই প্রতিষ্ঠানটির মাধ্যমে ২০১২ থেকে ২০১৩ সালে অর্থ পাচারের পর মালিকরা সেটির শেয়ার হস্তান্তর করে ফেলেন। এবং এর মাধ্যমে প্রকৃত মালিকানা আড়াল করতে চেয়েছিলেন তারা। এ মামলার তদন্তে শুরুতে শামীম ওসমানের পরিবারের সদস্যদের নাম আসলেও পরে দুদক নীট কনসার্নের দুই পরিচালকেরও সম্পৃক্ততা পায়।





































