নারায়ণগঞ্জে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ দেখলেন ভাবনা ও হাবিব
নারায়ণগঞ্জে সাধারণ দর্শকদের সঙ্গে বসে সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ উপভোগ করেছেন ছবিটির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অবস্থিত ডিজিটাল প্রেক্ষাগৃহ সিনেস্কোপে উপস্থিত হন তাঁরা।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিবেশনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এতে দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ ইতিহাসের গুরুত্বপূর্ণ নানা বিষয় তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটির পরিচালক, নায়িকাসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা সাধারণ দর্শকদের পাশে বসে সিনেমাটি উপভোগ করেন।
প্রদর্শনী শেষে বিকেল ৫টায় পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চলচ্চিত্রটির নির্মাণ, গল্পের প্রেক্ষাপট ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু, ঢাকা নিউজ ২৪ ডটকমের সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং ‘যাপিত জীবন’ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা।





































