ক্রীড়া সংস্থার নির্বাচন: ৫৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ, সেক্রেটারি পদে আশা-রনি
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ৫৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন দুজন। তাঁরা হলেন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক আলীনূর খান এ তথ্য জানিয়েছেন। সংস্থার সভাপতি পদে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, সহসভাপতি পদে আটজন, সাধারণ সম্পাদক পদে দুজন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে দুজন, যুগ্ম সম্পাদক পদে চারজন, কোষাধ্যক্ষ পদে দুজন এবং কার্যকরী সদস্য পদে ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচনে সহসভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে একজন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম সম্পাদক পদে দুজন, কোষাধ্যক্ষ পদে একজন এবং কার্যকরী সদস্য পদে ১৮ জন নির্বাচিত হবেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী মশিউর রহমান রনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর পরিকল্পনা বাস্তবায়নে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে চান তিনি।
রনি বলেন, ‘শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখার অন্যতম উপায় খেলাধুলার প্রসার। জেলার ক্লাব ও খেলোয়াড়দের মান উন্নয়নে কাজ করব। একই সঙ্গে পেশাদার ও দক্ষ খেলোয়াড় তৈরির জন্য কাজ করব।’
রনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতিও ছিলেন।
অন্য সম্ভাব্য প্রার্থী আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের ছেলে ও তাঁর রাজনৈতিক সচিব। এর আগে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ছিলেন।
আশা বলেন, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সমন্বয়ে জেলার ক্রীড়াঙ্গনের মান উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর। বিশেষ করে ফুটবল ও ক্রিকেটে গুরুত্ব দিতে চান তিনি।
তিনি বলেন, ‘মাঠগুলোর সংস্কার প্রয়োজন। বর্তমান প্রজন্মের অনেকেই মোবাইল ও মাদকে আসক্ত। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধের কথা বলেছি। কিন্তু মাদক থেকে দূরে রাখার পথ হিসেবে মাঠগুলো সংস্কার করে তাদের খেলাধুলার প্রতি মনোযোগী করতে হবে। আমি এসব নিয়েই কাজ করব।’
আগামী ১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১২ ডিসেম্বর নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনে মোট ভোটার ৬৪ জন।





































