৩০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২২, ২৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ ক্লাব: সভাপতি পদে তিন ব্যবসায়ীর লড়াই

নারায়ণগঞ্জ ক্লাব: সভাপতি পদে তিন ব্যবসায়ীর লড়াই

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড’র কার্যকরী পরিষদের নির্বাচনে এবার সভাপতি পদে অংশ নিয়েছেন তিনজন। এ পদে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহবুবুর রশীদ জুয়েল, মারুফ আহমেদ বাবু ও এমএ বাতেন। অভিজাতদের এই ক্লাবের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী তিনজনই পেশায় ব্যবসায়ী। এই ক্লাবের নির্বাচন ও কার্যকরী কমিটিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তিনজনেরই। ফলে, এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে তাদের সকলেরই পরিচিত ও গ্রহণযোগ্যতা রয়েছে।

নারায়ণগঞ্জ ক্লাবের ওয়েবসাইট থেকে জানা যায়, ভারতীয় উপমহাদেশে ইংরেজদের উপনিবেশিক শাসনের সময় ১৮৯৩ সালে বিনোদনের লক্ষে এ ক্লাবের প্রতিষ্ঠা হয়। তখন এই ক্লাবের নাম ছিল ‘ইউরোপিয়ান ক্লাব’। ১৯৪৭ সালে এই ক্লাবের নাম হয় ‘নারায়ণগঞ্জ ক্লাব’।

শতবর্ষী এ ক্লাবটিতে হাজারের উপর সদস্য থাকলেও ১১ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। নির্বাচনের মধ্য দিয়ে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও একজন সহসভাপতি নির্বাচিত হন। এর বাইরে আরো ৮ জন পরিচালক নির্বাচিত হন।

এবারের নির্বাচনে ১১ পদে মোট ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে সভাপতি পদে তিনজন, জ্যেষ্ঠ সহসভাপতি পদে একজন, সহসভাপতি পদে দুইজন এবং পরিচালক পদে ১১ জন প্রার্থী হয়েছেন। তারা গত ২৪ নভেম্বর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের কাছে মনোনয়নপত্র জমা দেন। চূড়ান্ত প্রার্থী তালিকা আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে। ওইদিনই প্রার্থীরা নির্ধারিত ব্যালট পাবেন।

সভাপতি পদে লড়ছেন মাহবুবুর রশীদ জুয়েল, মারুফ আহমেদ বাবু ও এমএ বাতেন। জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাহবুবুর রহমান মারুফ। সহসভাপতি পদে দুই প্রার্থী সাদেকুস সামাদ রিপন ও তাইজুদ্দিন আহমেদ।

এছাড়া পরিচালক পদে ১১ জন হলেন: সেলিম রেজা সিরাজী, রেজওয়ানুর রহমান বাঁধন, উজ্জ্বল হোসেন, শহিদুজ্জামান শরীফ, মো. আলী সোহেল, মো. আকতার হোসেন, সাইদুল হক লিপন, দিলারা মাসুদ ময়না, নায়ার সুলতানা, শেখ গোলাম মোরশেদ গালিব।

তাদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি পদে একজন প্রার্থী হওয়াতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি বর্তমান কমিটিতেও একই পদে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষনুরাগী কাশেম জামাল। এ কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ডা. একেএম শফিউল আলম ফেরদৌস ও ব্যারিস্টার মেহেদী হাসান।

এছাড়া আপিল বিভাগে আছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নবী হোসেন, মো. আইয়ুব এবং সাইফুর রহমান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ১৯ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলবে। এবার ভোটার তালিকায় রয়েছেন ২৩৮৫ জন। যদিও ক্লাবটির সদস্য সংখ্যা ৩ হাজারেরও বেশি।

এবারের নির্বাচনে সভাপতি পদে বেশি আলোচনায় আছেন মাহবুবুর রশীদ জুয়েল। জুলফিকার স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের মালিক জুয়েল বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। গতবছরও তিনি নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে অংশ নেন। সেবার তিনি পরাজিত হলেও ৬৭১ ভোট পান তিনি। ওই নির্বাচনে ৯১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ সোলায়মান।

এবার মোহাম্মদ সোলায়মান নির্বাচনে অংশ নেননি। ফলে আগেরবারের ভোটের হিসাবের তুলনায় মাহবুবুর রশীদ জুয়েলকে এগিয়ে রাখছেন অনেকে। তাছাড়া, ভোটারদের মধ্যে তার বেশ গ্রহণযোগ্যতাও রয়েছে।

নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী মাহবুবুর রশীদ জুয়েল বলেন, নির্বাচনের সবধরনের প্রস্তুতি তিনি আগেই সম্পন্ন করেছেন। চূড়ান্তভাবে প্রার্থী তালিকা ও ব্যালট ঘোষণার পর তিনি পুরোদমে প্রচারণায় মাঠে নামবেন। তবে, ইতোমধ্যে তিনি ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন বলেও জানান।

“ক্লাবের সম্মানিত সদস্যরা আমার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তাদের আগ্রহের কারণেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আল্লাহর রহমতে আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ ক্লাবের অনিয়মগুলোকে চিহ্নিত করে দূর করতে যথাযথ ব্যবস্থা নেবো। একইসঙ্গে ঐতিহ্যবাহী এই ক্লাবের সদস্যের সেবার মান ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো। প্রথম সারির ক্লাবগুলোর যে ফ্যাসিলিটি তা এই ক্লাবেও নিশ্চিত করতে পরিকল্পনামাফিক কাজ করবো।”

তিনি ক্লাবের নির্মাণাধীন ভবনের কাজও দ্রুততার সঙ্গে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে, জুয়েলের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীও পেশায় ব্যবসায়ী। তাদের মধ্যে মারুফ আহমেদ বাবু আনন্দ রিসোর্টের মালিক। তিনি নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের জ্যেষ্ঠ সহসভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন। এবার তিনি সভাপতি প্রার্থী হয়েছেন।

নির্বাচনের বিষয়ে প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়ে তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।

অন্যদিকে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা এমএ বাতেনও এই ক্লাবের সহসভাপতি ছিলেন। দীর্ঘবছর পর তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন। ব্যবসায়ী হিসেবে সিআইপি মর্যাদাপ্রাপ্ত এমএ বাতেনও তার নির্বাচনী প্রতিশ্রুতিতে ক্লাব কার্যক্রমে শৃঙ্খলা আনা ও অসমাপ্ত কাজ সম্পন্নের কথা জানিয়েছেন।

তিনি বলেন, “আমি একজন ব্যবসায়ী, সিআইপি মর্যাদার। এর আগেও আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এবার সভাপতি হলে আমি ক্লাবের উন্নয়ন কার্যক্রমে জোরালো ভূমিকা রাখবো।”

সর্বশেষ

জনপ্রিয়