২৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩১, ২৭ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণের দাবি বাসদের

পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণের দাবি বাসদের

বর্তমান বাজারদর বিবেচনায় পোশাকশ্রমিকদের ঘোষিত মজুরি কাঠামো পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

বজলুর রশীদ ফিরোজ বলেন, সরকার পে-স্কেল ঘোষণা করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। অথচ ন্যূনতম মজুরি ঘোষণা করতে মজুরি বোর্ড গঠনে গড়িমসি করায় সৃষ্ট তীব্র শ্রমিক আন্দোলনের চাপে তা গঠন করে এবং ২৫ নভেম্বর মজুরি বোর্ড মালিকদের মতের ওপর ভিত্তি করে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। বর্তমান বাজারদর বিবেচনায় শ্রমিকরা এটা গ্রহণ করেনি। ফলে শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ চলছে।

তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনের ওপর সরকারি দলীয় ঠ্যাঙাড়ে বাহিনী ও পুলিশ ব্যাপক নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। ইতোমধ্যে তৌফিক নামে একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শ্রমিকরা যাতে তার পরিবার নিয়ে ন্যূনতম অর্থে একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে, এ রকম একটি মজুরি কাঠামো নির্ধারণ করতে হবে। তাই মজুরি বোর্ডকে তার ঘোষিত মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করতে হবে।

দেশের পরিস্থিতি নিয়ে ফিরোজ বলেন, আমাদের দেশে গভীর সংকট বিরাজমান। আকাশচুম্বী বেকারত্ব, ক্রমবর্ধমান দারিদ্র্য, অসহনীয় দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলার চরম অবনতি ও জানমালের নিরাপত্তাহীনতা, মব ও সন্ত্রাস, উগ্র সাম্প্রদায়িক শক্তির আস্ফালন, নারী ও শিশু নির্যাতন, খুন-ধর্ষণ ও মাদকের বিস্তার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

তিনি আরও বলেন, ড. মো. ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি করে আমাদের দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়ে গিয়েছে। বিএনপি সরকার দাসত্বের ওই চুক্তি বাতিল না করে বাস্তবায়ন করে চলেছে। এতে দেশের শিল্প, কৃষি, ওষুধশিল্প ধ্বংস হবে, জ্বালানি নিরাপত্তা হুমকিতে পড়ছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া এবং ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনি ও সুন্দরবনের আক্রম পয়েন্টে এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগেরও সমালোচনা করেন তিনি।

বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা বাসদের সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, বাসদের সোনারগাঁ উপজেলা সমন্বয়ক বেলায়েত হোসেন, ফতুল্লা থানা আহ্বায়ক এম এ মিল্টন ও সদস্যসচিব এস এম কাদির।

সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী ও বাংলাদেশ জাসদের জেলা সভাপতি সোলেমান দেওয়ান।

এর আগে জনসভার শুরুতে ব্যানার ও ফেস্টুনসহ একটি লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে। চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।

সর্বশেষ

জনপ্রিয়