নাশকতা নিয়ে উদ্বেগ, সামনে স্থানীয় নির্বাচন
আশাকে শোকজে বিএনপিতে নতুন করে বিরোধের শঙ্কা
নারায়ণগঞ্জে একের পর এক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। বাস, ট্রাক ও লেগুনার পাশাপাশি ট্রেনের বগি এবং রাজনৈতিক দলের কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে তৃণমূলে শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় দলটির পুরোনো অভ্যন্তরীণ বিরোধ নতুন করে সামনে এসেছে।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে ‘সুসম্পর্ক’ রাখাসহ দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে আশাকে এ নোটিশ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের লিখিত ব্যাখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তিনি। তার অভিযোগ, স্থানীয় নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
নির্বাচন কমিশন ২০২৭ সালের জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে। চার ধাপে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
যদিও এখনো চূড়ান্ত তফসিল ঘোষণা হয়নি, তবু তৃণমূলে নির্বাচনী তোড়জোড় শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের অনেকে সীমিত পরিসরে প্রচারণাও চালাচ্ছেন। বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আশার সম্ভাব্য প্রার্থিতা নিয়েও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলীয় সমর্থন, স্থানীয় নেতৃত্বের প্রভাব এবং সাংগঠনিক ঐক্য প্রার্থীদের জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ দলটির নির্বাচনী প্রস্তুতিকে দুর্বল করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
একদিকে নাশকতা নিয়ে উদ্বেগ, অন্যদিকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি। এই দুই পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আশার বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তি এবং পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত মহানগর বিএনপির অভ্যন্তরীণ সম্পর্ক ও নির্বাচনী প্রস্তুতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরে দলীয় প্যাডে আশাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। শনিবার বিষয়টি জানাজানি হয়।
আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে। বর্তমানে সংসদ সদস্যের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
কারণ দর্শানোর নোটিশে আশার বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে বিভিন্ন সুবিধা আদায়, স্থানীয় পর্যায়ে তাদের প্রতিষ্ঠিত করা এবং দলের ত্যাগী নেতা-কর্মীদের উপেক্ষা করার অভিযোগ আনা হয়েছে।
নোটিশে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজনদের সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করা এবং নিজের মিছিল-মিটিংয়ে গুরুত্ব দেওয়ার অভিযোগও করা হয়েছে।
বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আক্তার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়নের মো. হাবিবুর রহমান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ কয়েকজনের সঙ্গে আশার ছবির কথাও উল্লেখ করা হয়েছে নোটিশে।
এসব অভিযোগে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশের অনুলিপি দলের কেন্দ্রীয় দপ্তরেও পাঠানো হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছেন এবং অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন আবুল কাউসার আশা।
নোটিশের জবাবে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রাম ও কারাভোগের কথা তুলে ধরে আশা বলেন, “আমি বিএনপির একজন পরীক্ষিত কর্মী। আমি বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে থেকে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি এবং বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলায় আমি কারাভোগ করেছি এবং অসংখ্যবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে আমি আজও কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রাজপথে সক্রিয় রয়েছি।”
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগেরও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি। নোটিশে উল্লেখ করা ব্যক্তিদের জনপ্রতিনিধি ও রাজনৈতিক পরিচয় তুলে ধরে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আশা।
আক্তার হোসেন মোল্লার বিষয়ে আশা বলেন, “আক্তার হোসেন মোল্লা মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। নির্দলীয়ভাবে নির্বাচন করে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি কখনো আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। মেম্বার হিসেবে দায়িত্ব পালন কালে স্থানীয় সংসদ সদস্যের সাথে এলাকার উন্নয়ন কর্মকান্ডের জন্য যোগাযোগ রাখতে হয়েছে। যা কোনোভাবেই দলীয় নেতা হওয়ার প্রমাণ বহন করে না।”
নোটিশে উল্লেখ করা মো. হাবিবুর রহমান বিএনপির একজন কর্মী এবং বর্তমানে বন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন আশা।
আইয়ুব মেম্বারের বিষয়ে তিনি বলেন, “আইয়ুব মেম্বার ধামগড় ইউনিয়নের মেম্বার। যিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কিন্তু ২০২৪ সালের ২৪ জুলাই ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনকে বন্দর থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে নিয়ে আসার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।”
আশার অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মামলা-বাণিজ্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি মহলের বিরাগভাজন হয়েছেন বলেও দাবি করেন তিনি।
আশা আরও বলেন, “এছাড়া ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক ব্যক্তি মামলা-বাণিজ্য এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও মাদক ব্যবসায়ীদের জামিনের ব্যবস্থা করে দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে দল ও সমাজের ক্ষতি করেছে। তাদের বিরুদ্ধে আমার শক্ত অবস্থানের কারনে আমি তাদের চক্ষুশূলে পরিণত হয়েছি।”
তার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্তও দাবি করেছেন তিনি।
মহানগর বিএনপিতে নেতাকেন্দ্রিক বিরোধ দীর্ঘদিনের। মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বরাবরই আবুল কালামের বলয়ের বাইরে থেকে রাজনীতি করেছেন।
আগের কমিটিতে আবুল কালাম যখন সভাপতি ছিলেন, তখন সাখাওয়াত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি। সে সময় অনুসারীদের নিয়ে পৃথক ব্যানারে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করতেন সাখাওয়াত। এই বিভক্তি এখনো রয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ নেতা-কর্মীরা।
২০২৪ সালের ৬ সেপ্টেম্বর বন্দরে স্থানীয় নেতা-কর্মীদের হাতে মারধরের শিকার হন মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু। ওই ঘটনায় আবুল কাউসার আশা ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে ‘কলকাঠি’ নাড়ার অভিযোগ করেন টিপু। তবে দুজনই ওই অভিযোগ অস্বীকার করেন।
আশাকে দেওয়া সাম্প্রতিক কারণ দর্শানোর নোটিশের মধ্য দিয়ে মহানগর বিএনপির এসব পুরোনো বিরোধও নতুন করে আলোচনায় এসেছে।
নারায়ণগঞ্জে ধারাবাহিক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় উদ্বেগের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এমন সময়ে মহানগর বিএনপির অভ্যন্তরীণ বিরোধ আরও বাড়লে নাশকতার প্রতিবাদে দলীয় কর্মসূচি পালন ও নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে সমন্বয়হীনতা তৈরি হতে পারে।
বিশেষ করে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আশার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনার মধ্যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হবে, তা এখনো স্পষ্ট নয়।
আশাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের মধ্য দিয়ে দলীয় শৃঙ্খলা রক্ষার উদ্যোগ নেওয়া হলেও এর পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত মহানগর বিএনপির পুরোনো বিরোধ নিরসনে ভূমিকা রাখবে, নাকি বিভক্তি আরও বাড়াবে, সে প্রশ্ন রয়ে গেছে।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও কোনো মন্তব্য করতে রাজি হননি।





































