৩০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৭, ২৯ নভেম্বর ২০২৬

চাষাড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার অঙ্গীকার টিপুর

চাষাড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার অঙ্গীকার টিপুর

নারায়ণগঞ্জ নগরীর চাষাড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪-এর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়টির উন্নয়নে উদ্যোগ নেওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার অঙ্গীকার করেছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় চাষাড়ার বাগে জান্নাত মহল্লায় বিদ্যালয়টির কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথির বক্তব্যে টিপু বিদ্যালয়টির উন্নয়নে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে বিদ্যালয়টি পরিদর্শনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা, বড়দের সম্মান করা এবং প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফ, বাংলাদেশ এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সাবেক সভাপতি ও জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মাসুদ রানা, বাংলাদেশ এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক রোটারিয়ান শাহেদুল হক সুমন, যুগ্ম সম্পাদক নুরে আলম মাসুদ, ১২ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বরকত উল্লাহ ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের কোষাধ্যক্ষ হাফেজ মুক্তার হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারুক আহম্মদ রিপন, ফুল পাখির আসরের কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম সোহাগ ও সদস্য মেহেদী হাসান ডিউক।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, হাবিবুর রহমান হাবিব, ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফ ও রোটারিয়ান শাহেদুল হক সুমন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেয় বিদায়ী শিক্ষার্থী অরিন আক্তার বাঁধন।

আলোচনা সভা শেষে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন অতিথিরা। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ

জনপ্রিয়