সিদ্ধিরগঞ্জে বেকারিতে হামলা-লুটপাটের অভিযোগ, ৭৬ লাখ টাকা ক্ষতির দাবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় একটি বেকারি কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৭৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী এম এ জুবায়ের আহমেদ (৩৭)।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জুবায়ের আহমেদ অভিযোগ করেন, গত ২৪ নভেম্বর ভোর ৪টার দিকে মুজিনগর এলাকার মো. শাইন (৪০) ও তাঁর অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় সেখানে ভাড়া নিয়ে পরিচালনা করা বেকারি কারখানায় ভাঙচুর চালানো হয়।
জুবায়ের আহমেদ বলেন, “আমি তাদের বাধা দিলে তারা আমাকে এলোপাতাড়ি মারধর করে। আমার শরীরের বিভিন্ন স্থানে কালশিটে ও ফোলা জখম হয়েছে।”
তাঁর চিৎকার শুনে স্ত্রী রিপা (২৪) এগিয়ে এলে অভিযুক্ত শাইন তাঁর গলা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ও ৭ হাজার টাকা মূল্যের হীরার নাকফুল ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন তিনি।
জুবায়ের আহমেদের দাবি, হামলাকারীরা বেকারির ক্যাশ বাক্স থেকে নগদ ৭৫ হাজার টাকা নিয়ে যান। এ ছাড়া ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ৭৬ লাখ টাকার ক্ষতি করেন।
তিনি আরও জানান, চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে চলে যান। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়। এ কারণে থানায় অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে।
সংবাদ সম্মেলনে জুবায়ের আহমেদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁর ভাড়া নেওয়া সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিলেন শাইন। এরই ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান জুবায়ের আহমেদ। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।





































