২৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৬, ২৫ নভেম্বর ২০২৬

নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, নারীর সুরক্ষা ও নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’।

নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, ধর্ষণ, যৌন নির্যাতন ও হয়রানির ঘটনায় বিচার নিশ্চিত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ কার্যকরের দাবি জানানো হয়।

এ ছাড়া ধর্ষকদের তথ্যভান্ডার প্রকাশের দাবি জানানো হয়। পাশাপাশি নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও নারীর মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, ‘নারী নির্যাতনের অর্ধেকের বেশি মামলা দায়ের করা হয় আদালতে। প্রভাবশালীদের কারণে অনেক মামলাই থানায় দায়ের হয় না। পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। নারী নিপীড়নের শিকার হওয়ার পর তাঁর সামনে এমন পরিস্থিতি তৈরি করা হয় যেন সে আত্মহত্যা করে মুক্তির পথ খুঁজতে শুরু করেন। বহু নারী নির্যাতনের শিকার হওয়ার পর আইনের আশ্রয় নেন না হয়রানির ভয়ে।’

তিনি আরও বলেন, ‘নারী নির্যাতন বন্ধে করণীয় হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। এই সদিচ্ছা ছাড়া এই সমস্যার সুরাহা হবে না। বিগত দিনে যত সহিংসতা হয়েছে সেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখিনি। ফলে অপরাধীরা অপরাধ করে যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান থাকলে নারী নির্যাতন বন্ধ হবে না।’

অধিকারের নারায়ণগঞ্জ জেলার ফোকাল পারসন সাবিত আল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা, মানবাধিকারকর্মী ও সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান, মহানগর যুবশক্তির আহ্বায়ক রাইসুল ইসলাম রিফাত, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক নূর জামাল হাসান ও বাসসের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নুসরাত সুপ্তি প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং আইনের যথাযথ প্রয়োগের দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়