২৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৫, ২৫ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:২৬, ২৫ নভেম্বর ২০২৬

পাওনা পরিশোধের আশ্বাসে সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের অবস্থান স্থগিত

পাওনা পরিশোধের আশ্বাসে সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকদের অবস্থান স্থগিত

বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকরা। টানা দুই দিন নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থানের পর কর্মসূচি স্থগিত করেন তাঁরা।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ ও শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের আশ্বাসে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

শ্রমিকদের উদ্দেশে শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “দীর্ঘদিন ধরে কাজ করে একটু একটু করে জমানো ফাইনাল সেটেলমেন্টের টাকাটা আপনাদের অনেক বড় স্বপ্ন ও আমানত। আপনাদের এই বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসক, জেলার পুলিশ সুপার এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইজিসহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রধানের সঙ্গে কথা বলেছি। ডিসি মহোদয় বিষয়টি অত্যন্ত আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে নিয়েছেন।”

আগামী সপ্তাহে বৈঠকের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “ডিসি মহোদয় জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে কারখানার আগের ও বর্তমান মালিকপক্ষ, বিকেএমইএ, প্রশাসন এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি বৈঠক ডাকা হবে। সেই বৈঠকে কে, কবে ও কীভাবে পাওনা পরিশোধ করবে, তার একটি চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। আপনারা অযথা এখানে বসে কষ্ট করবেন না আমরা আপনাদের ন্যায্য পাওনা আদায়ে কাজ করছি।”

ঢাকায় মজুরি বোর্ডের বৈঠক শেষে ঘটনাস্থলে ফিরে নারায়ণগঞ্জ অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, “নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার আমাকে ফোন করে জানিয়েছেন, তাঁরা শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে সম্পূর্ণ আন্তরিক। ডিসি সাহেব আশ্বাস দিয়েছেন, আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন, বিকেএমইএ, কারখানার পূর্ববর্তী ও বর্তমান মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করবেন। সেই বৈঠকের লিখিত সরকারি নোটিশ ও তারিখ আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরের মধ্যে আমাদের জানানো হবে।”

শ্রমিকদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমরা নারায়ণগঞ্জে কোনো অশান্তি চাই না, শান্তি চাই। প্রশাসনের আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আপনারা আজকের মতো শান্তিপূর্ণভাবে যার যার বাসায় ফিরে যান। আগামীকাল বৃহস্পতিবার দুপুরের মধ্যে আমরা বৈঠকের লিখিত তারিখ হাতে পাব এবং সেই বৈঠকেই পাওনা পরিশোধের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”

এর আগে বকেয়া পাওনার দাবিতে বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সেঞ্চুরি অ্যাপারেলসের শ্রমিকরা। পরে মিছিল নিয়ে চাষাঢ়ায় বিকেএমইএ ভবনের সামনে আসেন তাঁরা। একপর্যায়ে প্রধান ফটক পেরিয়ে ভবনের আঙিনায় ঢুকে পড়লে পুলিশের সঙ্গে শ্রমিকদের উত্তেজনা দেখা দেয়। টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনের পর রাতে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন শ্রমিকরা।

সর্বশেষ

জনপ্রিয়