২৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৩, ২৫ নভেম্বর ২০২৬

১৭ হাজার টাকা মজুরি পর্যাপ্ত নয়: শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র

১৭ হাজার টাকা মজুরি পর্যাপ্ত নয়: শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র

পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের নির্ধারিত ১৭ হাজার টাকা মজুরি জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটি। নির্ধারিত মজুরি পুনর্বিবেচনা করে জীবনধারণের উপযোগী মজুরি ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, জীবনযাত্রার ব্যয়, বাজারদর ও মূল্যস্ফীতির তুলনায় ১৭ হাজার টাকা মজুরি একজন শ্রমিকের পরিবারের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত নয়। শ্রমিকরা তাঁদের শ্রম, ঘাম ও অবদানের তুলনায় ন্যায্য মজুরি এবং সম্মানজনক জীবনযাপন থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকের মানবিক মর্যাদা ও জীবনমানের উন্নয়ন ছাড়া টেকসই শিল্পের বিকাশ সম্ভব নয়।

নেতারা আরও বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু বর্তমান জীবনধারণের ব্যয় নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবারের মৌলিক চাহিদা, সন্তানদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, পুষ্টিকর খাবার ও বিনোদনের পাশাপাশি সঞ্চয়ের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

তাঁরা বলেন, ‘শ্রমিকের ন্যায্য মজুরি কোন দয়া নয় এটা তাঁদের শ্রম, দক্ষতা ও অবদানের ন্যায্য প্রতিদান।’

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধন-২০২৬)-এর ১৪১ ধারা অনুসারে জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি, কাজের ধরন ও ঝুঁকি, ব্যবসায়িক সামর্থ্য এবং দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে নির্ধারিত মজুরি পুনর্বিবেচনার আহ্বান জানান নেতারা।

ন্যায্য মজুরি ঘোষণার জন্য শ্রমমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তাঁরা বলেন, ‘অন্যথায় শ্রমিকরা বিক্ষুব্ধ হলে এর দায় দায়িত্ব সরকার ও মালিকদেরই বহন করতে হবে।’

সর্বশেষ

জনপ্রিয়