দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান
নতুন প্রজন্মের কাছে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন কবিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। তিনি বলেন, লোকসংস্কৃতি ও কবিগান বাঙালির নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের বাসভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর নেতৃত্বে কবিয়াল ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল এ মতবিনিময়ে অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন ফাউন্ডেশনের গভর্নর কবি বাপ্পি সাহা ও কবি ফরিদা ইয়াছমিন সুমনা।
মতবিনিময়কালে কবিয়াল ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম, লোকসংস্কৃতির বিকাশ, কবিগানের পুনর্জাগরণ, সাহিত্য-সংস্কৃতির প্রসার ও বাঙালির ঐতিহ্য সংরক্ষণ নিয়ে আলোচনা হয়।
এ সময় নজরুল ইসলাম তামিজী কবিগানের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং লোকজ সংস্কৃতির চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং দেশের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।





































