দলে ফিরছেন বিএনপির বিদ্রোহীরা
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নারায়ণগঞ্জ বিএনপির একাধিক প্রভাবশালী নেতার দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সারা দেশে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিএনপি। কেন্দ্রীয় এই উদ্যোগের ফলে নারায়ণগঞ্জের বহিষ্কৃত নেতাদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে।
দলে ফেরার আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম, আতাউর রহমান আঙ্গুর এবং বিএনপি নেতা মো. শাহ আলম। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়েছিল।
বিএনপির বিভিন্ন সূত্রে জানা গেছে, পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। ইতোমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে ৭০ জন জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে পদ হারান। অন্যদের বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ নিরসন, সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠা এবং দলকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে সৃষ্ট বিভক্তি স্থানীয় নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে।
নারায়ণগঞ্জে বহিষ্কৃত নেতাদের অনেকেরই নিজস্ব কর্মী-সমর্থক রয়েছে। দলকে জেলা পর্যায়ে নেতৃত্ব দেবার অভিজ্ঞতাও তাদের আছে। তাদের দলে ফেরানো হলে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন সমীকরণ তৈরি হতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণ ও নেতৃত্বের অবস্থানেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
গত জানুয়ারিতে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণার অভিযোগে বিএনপির ২০ নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তাদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির তৎকালীন সভাপতি মাজেদুল ইসলাম ও গিয়াসউদ্দিনের ছেলে জি এম সাদরিলও ছিলেন।
এদিকে গত ৩১ অক্টোবর সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত নেয়।
তবে মুহাম্মদ গিয়াসউদ্দিন, রেজাউল করিম, আতাউর রহমান আঙ্গুর ও মো. শাহ আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। ফলে তাদের দলে ফেরার বিষয়টি আপাতত সম্ভাবনার পর্যায়েই রয়েছে। যদিও বহিষ্কৃত নেতারা সরকার দলের হাইকমাণ্ডের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দলে ফেরার তদবিরও চালাচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
কেন্দ্রীয় বিএনপির এই উদ্যোগ বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা দলে ফিরবেন এবং কবে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে, তা নির্ভর করছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।





































