১৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৫, ১৭ নভেম্বর ২০২৬

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১টায় নগরীর ডনচেম্বার এলাকায় তিতাস অফিসসংলগ্ন স্থানে ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। জেলা শাখার সভাপতি সৃজয় সাহা ও সাধারণ সম্পাদক সৌরভ সেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় মওলানা ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সৃজয় সাহা বলেন, “বাংলার মেহনতি ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের ইতিহাসে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক চিরভাস্বর নাম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি ছিলেন আপসহীন। ব্যক্তি ও ক্ষমতার স্বার্থের চেয়ে তিনি সবসময় সাধারণ মানুষের স্বার্থকে বড় করে দেখেছেন।”

তিনি আরও বলেন, “ভাসানীর দেখানো পথ অনুসরণ করেই আমাদের বর্তমানের পথচলা নির্ধারণ করতে হবে। শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন সার্থক হবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক মুন্নী আক্তার প্রত্যাশা, কার্যকরী সদস্য সিয়াম সরকার, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সিদ্ধিরগঞ্জ থানা সংগঠক মো. সোহাগসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

সর্বশেষ

জনপ্রিয়