আদালতে হাজিরা শেষে মারামারিতে আহত কৃষক দল নেতা
নারায়ণগঞ্জে অপহরণের অভিযোগে একটি মামলার জামিন শুনানির পর আদালতের সামনের সড়কে দু’পক্ষের মারামারিতে ফতুল্লা থানা কৃষক দলের নেতাসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দুইটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিপরীত পাশে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ঢাকামুখী লেনের উপর এই ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।
আহতদের মধ্যে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান রক্তাক্ত জখম হন এবং তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, অপহরণ মামলার বাদী জুয়েল হাওলাদারও আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও উভয়পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ফতুল্লা কুতুবপুরের বাসিন্দা ও ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেনকে অপহরণের অভিযোগে করা একটি মামলায় আদালতে জামিন আবেদন করেন ওই মামলায় অভিযুক্ত কৃষক দল নেতা জুয়েল আরমান। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুরও করেন।
শুনানি শেষে বের হওয়ার পর তাদের মধ্যে মারামারির ঘটনাটি ঘটে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ। তিনি বলেন, “অপহরণ মামলার শুনানিতে উভয়পক্ষই আদালতে হাজির হয়েছিলেন। মামলার শুনানি শেষে বেরিয়ে গিয়ে তারা মারামারি করেছেন বলে জেনেছি। পরে, একপক্ষ আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিকভাবে অভিযোগও করেন।”
ঘটনার সময় সেখানে জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলও ছিলেন। দেলোয়ার হোসেন ও তার ছেলের সঙ্গে উজ্জ্বলের সখ্যতা রয়েছে। দেলোয়ারের পক্ষে উজ্জ্বলের লোকজনও মারামারিতে অংশ নেয় বলে অভিযোগ জুয়েল আরমানের অনুসারীদের।
যদিও সিদ্দিকুর রহমান উজ্জ্বল এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তার বাড়ির অদূরে ঘটনাটি ঘটে। রাস্তা দিয়ে যাবার পথে তিনি মারামারি দেখে সেখানে দাঁড়িয়ে উভয়পক্ষকে থামানোর চেষ্টা করেন।
আহত জুয়েল আরমানের সঙ্গে থাকা মো. রাসেল বলেন, অপহরণ মামলায় হাজিরা শেষে অটোরিকশার জন্য অপেক্ষমান থাকা অবস্থায় তাদের উপর হামলা চালান দেলোয়ার, তার দুই ছেলে ও সহযোগীরা।
এদিকে, দেলোয়ার হোসেনের অভিযোগ, গত জুনে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ওই ঘটনায় পরে আদালতে একটি মামলা করেন তার ছেলে জুয়েল হাওলাদার।
“মামলায় অভিযুক্ত জুয়েল আরমান আদালতে জামিন চেয়ে আবেদন করলে সেখানে আমার ছেলে ও আমাদের লোকজন উপস্থিত ছিল। তারা কোর্ট থেকে বেরিয়ে চা খাওয়ার জন্য দাঁড়ালে আরমান ও তার লোকজন হামলা চালায়।”
স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও রাজনৈতিক বিরোধের কারণে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিসংতার ঘটনায় একটি মামলাতে তাকে আসামি করা হয়েছিল বলেও জানান দেলোয়ার।
তবে, সন্ধ্যা সাতটা পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেননি বলে জানিয়ে ফতুল্লার ওসি মাহবুব আলম বলেন, “জুয়েল আরমান মৌখিকভাবে থানায় এসে অভিযোগ করেছেন। উভয়পক্ষই শুনানি শেষে মারামারি করেছেন বলে জেনেছি। তবে, লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”





































