১৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৭, ১৭ নভেম্বর ২০২৬

ছোট দলগুলোর প্রতি সহনশীল হতে বিএনপির প্রতি মনির কাসেমীর আহ্বান

ছোট দলগুলোর প্রতি সহনশীল হতে বিএনপির প্রতি মনির কাসেমীর আহ্বান

বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি উল্লেখ করে দলটির নেতাকর্মীদের ছোট দলগুলোর প্রতি আরও সহনশীল ও সহযোগিতাপূর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করতে চান বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর জামতলা এলাকায় জেলা জমিয়তের আহ্বায়ক ফেরদৌসের লিজ নেওয়া জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কাসেমী।

তিনি বলেন, ‘বড় দল হিসেবে বিএনপির দায়দায়িত্ব অনেক বেশি। তাদের আদর-স্নেহের পরিধি আরও বাড়াতে হবে। ছোট দল মনে করে যদি কাউকে পিষে ফেলতে চান, তাহলে কাকে পিষলেন? আপনার কোটি টাকার গাড়ি কয়েক শ টাকার একটি ফিউজ নষ্ট হয়ে গেলে স্টার্ট হয় না। সেই ফিউজকে অবহেলা করলে গাড়ি বিকল হয়ে যাবে।’

কাসেমী আরও বলেন, ‘নির্বাচনের আগে আন্দোলনসহ সবকিছুতে আমরা একসঙ্গে ছিলাম। এখনো আমরা একসঙ্গে থাকতে চাই।’

জমি লিজের বিষয়ে কাসেমী বলেন, কোথাও আইনের ব্যত্যয় ঘটলে আইনের আশ্রয় নেওয়ার অধিকার সবার রয়েছে। লিজ নেওয়ার ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় প্রমাণিত হলে এক ঘণ্টার মধ্যে তিনি তাঁর নেতাকর্মীদের ওই জায়গা থেকে সরিয়ে নেবেন। আর নিয়মের ব্যত্যয় না ঘটলে তাঁদের সেখানে থাকতে দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

কাসেমী বলেন, ‘নারায়ণগঞ্জ অনেক বড়। আপনারা বৈধভাবে সব জায়গায় সবকিছু করেন। এই জায়গায় মেহেরবানি করে ছোট ভাইদের থাকতে দেন। এখানে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করবেন না। আপনাদের কেউ আমাদের ছোট ভাই, কেউ ছেলে-সন্তানের মতো, আবার কেউ গুরুজনতুল্য।’

চাঁদা না দেওয়ায় জমিয়তের এক নেতার ওপর হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে কাসেমী বলেন, ‘আইনের আশ্রয় নেওয়া আমার অধিকার। কিন্তু অনেক সময় আইনের চেয়ে ভ্রাতৃত্বের বন্ধন অনেক বেশি মূল্যবান। বিএনপির নেতাকর্মী ও নেতৃবৃন্দের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের দাবি হলো, আমরা তাদের কাছ থেকে আদর-যত্ন ও সহযোগিতা পাব, তাদেরও সহযোগিতা করব। আমাদের বন্ধন আরও অটুট করতে চাই।’

স্থানীয়ভাবে আপাতত কারও বিরুদ্ধে মামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কাসেমী। আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিজ দায়িত্বে ওই এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। একসঙ্গে চলতে গেলে ভুল-বোঝাবুঝি ও মতবিরোধ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, সব বিষয়ে থানায় যাওয়ার প্রয়োজন নেই।

কাসেমী আরও বলেন, ‘যারা ভুল করেছেন, বয়সের কারণে হয়তো হয়ে গেছে। আমি তাদের বলব, আপনারা আপনাদের মতো করে মিটমাট করে ফেলবেন। ব্যক্তিগতভাবেও সবার সঙ্গে কথা বলব, যেন তারা বিষয়টি সুন্দরভাবে সামাল দেন। আমরা তো তাদের সঙ্গেই আছি। তাহলে আমাদের মধ্যে দূরত্ব থাকবে কেন?’

ওই জায়গায় সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই জায়গা ছাড়াও দুনিয়াতে অনেক কিছু আছে। আপনারা অন্যদিকে গিয়ে কাজ করেন। আমাদের দোয়া ও সহযোগিতাও থাকবে।’

সর্বশেষ

জনপ্রিয়