বিএনপি অফিস পোড়ানোর মামলায় কারাগারে জনতা লীগের শফিকুল
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির স্থানীয় একটি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম দেলোয়ারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া।
এর আগে সোমবার রাত সাড়ে নয়টার দিকে কাশীপুর ইউনিয়নের আমবাগান এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম দেলোয়ারকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাকে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।
৫৮ বছর বয়সী শফিকুল ওই মামলার ৫ নম্বর আসামি।
শফিকুল ছাড়া এ মামলায় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, স্বেচ্ছাসেবক লীগের কর্মী মীর হোসেন মীরুসহ আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার রাত সোয়া দুইটার দিকে ফতুল্লার উত্তর মাসদাইরের গাবতলী এলাকায় এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় শফিকুল ইসলাম ছাড়াও আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি মাহবুব বলেন, তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





































