১৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২২, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:২৩, ১৭ নভেম্বর ২০২৬

সাবেক গডফাদাররা নেশাগ্রস্তদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: রানা

সাবেক গডফাদাররা নেশাগ্রস্তদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: রানা

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেছেন, ‘নারায়ণগঞ্জে আগে যারা গডফাদার ছিল, তারা সবাই পালিয়েছে। এখন তারা কিছু নেশাগ্রস্ত ও হেরোইনসেবী লোক দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণ কখনোই তা মেনে নেবে না। কে মাদকসেবী আর কে ভদ্রলোক, তা মানুষ জানে।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত ইসলাম রানা বলেন, ‘সারা দেশ ও বিশ্ব জানে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে জাতিসংঘের কাছে প্রতিবেদন রয়েছে এবং জাতিসংঘও বিষয়গুলো স্বীকার করেছে। ওই সরকারের আমলে ছোট বাচ্চা থেকে শুরু করে কাউকে ছাড় দেওয়া হয়নি। এখন শেখ হাসিনা গোপালগঞ্জে তার কিছু সমর্থককে দিয়ে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা একটি ভালো কাজ করেছেন। তিনি যে শুধু একটি অঞ্চলের নেত্রী ছিলেন, বাংলাদেশের নেত্রী কখনোই ছিলেন না, তা প্রমাণ করেছেন। তিনি হয়তো শুধু গোপালগঞ্জের নেত্রী ছিলেন।’

গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়াও অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। নির্বাচনের সময় আমরা সেখানে গিয়ে তাদের কাছ থেকে আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন এবং হিন্দুদের সম্পত্তি লুটপাটের বিষয়ে অনেক কথা শুনেছি। এসব বিষয়ে আমরা অবগত। আমরা বলতে চাই, ওই এলাকার নীরব ও শান্তিপ্রিয় মানুষগুলোকে আর উত্ত্যক্ত করবেন না। কোনো ধরনের অসৎ কার্যকলাপ করবেন না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে প্রচলিত আইন রয়েছে। সেনাবাহিনী, আনসার ও পুলিশ রয়েছে। প্রয়োজন হলে এসব আইন পুরোপুরি প্রয়োগ করা হবে। প্রয়োজনে গোপালগঞ্জের নামই আমরা পরিবর্তন করে দেব। আমাদের নেত্রী একসময় ক্ষোভের বশে যে কথা বলেছিলেন, প্রয়োজনে তা বাস্তবে রূপ দিতে হবে।’

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রানা বলেন, ‘নারায়ণগঞ্জবাসী আগের হুন্ডা বাহিনী থেকে মুক্তি চেয়েছে। এখন হুন্ডা বাহিনী নেই, হেলমেট বাহিনী থেকেও নারায়ণগঞ্জবাসী মুক্তি পেয়েছে।’

ত্বকী হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রাব্বি। ত্বকীর বাবা তার সন্তানের মৃত্যুর বিচার চান। কিন্তু সেই বিচার এখনো কার্যকর হচ্ছে না। আমরা কথা দিতে চাই, অতি শিগগিরই সংশ্লিষ্ট মহলে কথা বলব, যাতে এসব হত্যার বিচারের রায় কার্যকর হয়। তাহলে আজমেরী, ফাঁসমেরি এসব ধুলিসাৎ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘মনে রাখবেন, সন্ত্রাসীরা ১০ জন। কিন্তু নারায়ণগঞ্জের জনসংখ্যা ৪ লাখ ৮০ হাজার।’

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর এলাকায় অত্যাচার-নিপীড়নের অভিযোগ তুলে সাখাওয়াত ইসলাম রানা বলেন, ‘এসব ঘটনা আমরা বরদাশত করব না। প্রয়োজনে আমরা এখান থেকে সেখানে যাব। কীভাবে দমন করতে হয়, তা আমরা জানি। তবে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করব। জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে বলব না।’

সর্বশেষ

জনপ্রিয়