সিদ্ধিরগঞ্জে দুই মশার কয়েল কারখানাকে ২ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের মানসনদ ও পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
অভিযানে সালেহা ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের মানসনদ ও পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই মশার কয়েল উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করছিল বলে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও ৫০ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মশার কয়েল প্রস্তুত ও মোড়কজাতকারী প্রতিষ্ঠান আর জে প্রোডাক্টস এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান ইশিকা এন্টারপ্রাইজকে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া কার্যক্রম পরিচালনার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. ইয়াছির আরাফাত, পরিদর্শক মো. শাহজাহান ও পরিদর্শক মো. আরিফ হোসেন আসিফ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং পণ্যের ওজন ও মানে কারচুপি রোধে বিএসটিআই ও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।





































