ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় সংগঠনের নিজ কার্যালয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রাসহ সংগঠনের সদস্যরা।
শ্রদ্ধা নিবেদনকালে দীপা নাগ তন্দ্রা বলেন, ‘মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন আমাদেরকে মনে করিয়ে দেয় তার সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের ঐতিহ্য ও স্বর্ণালী সময়কে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান। মনে করিয়ে দেয়, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে পরাক্রমশালী বিরোধী শিবিরের বিরুদ্ধে লড়াইকে।’
তিনি আরও বলেন, ‘তাঁকে স্মরণ করার মানেই হল, সাম্রাজ্যবাদী নিপীড়ন, যুদ্ধ ও অনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে, সাম্প্রদায়িক কূপমন্ডকতার বিরুদ্ধে সম্মিলিতভাবে অবস্থান নেওয়ার প্রয়োজনীয় সংগ্রাম ও ভূমিকার কথা। আজকে মাওলানা ভাসানী বেঁচে থাকলে, মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতেন- খামোশ। মার্কিন বানিজ্য চুক্তিকে জানাতেন- ওয়ালাইকুমুস সালাম।’
দীপা নাগ তন্দ্রা বলেন, ‘আমরা তাঁর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে সমস্ত অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লড়াই পারি– এর মধ্যেই রয়েছে তাঁকে স্মরণ করা ও শ্রদ্ধা জানানোর প্রকৃত উপলব্ধি।’
পরে মওলানা ভাসানীর জীবন ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষ হয়।





































