কমিউনিস্ট নেতা শফিউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক পলিটব্যুরো সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী রোববার (১৫ নভেম্বর)। ২০২০ সালের এই দিনে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শফিউদ্দিন আহমেদ প্রায় ৫৫ বছর নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন ও বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শ্রমিকদের অধিকার আদায় ও সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ধানকুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শফিউদ্দিন আহমেদ। তাঁর বাবা নারায়ণগঞ্জের গোদনাইল লক্ষ্মীনারায়ণ কটন মিলে চাকরি করতেন। বাবার কর্মস্থলের সুবাদে তাঁর শৈশব ও জীবনের দীর্ঘ সময় কাটে গোদনাইল শিল্পাঞ্চলে।
১৯৬৭ সালে আবুল হাসেমের মাধ্যমে কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে দায়িত্ব পালন করেন।
নারায়ণগঞ্জের আদমজী জুট মিল, লক্ষ্মীনারায়ণ কটন মিল, চিত্তরঞ্জন কটন মিল, ঢাকেশ্বরী, আইসিআই, বিদ্যুৎ ও ড্রেজারসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক সংগঠন গড়ে তোলা এবং আন্দোলন পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ফতুল্লার বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠায়ও তাঁর ভূমিকা ছিল।
১৯৮৪ সালে নারায়ণগঞ্জের ক্যাপিটাল গার্মেন্টসে শ্রমিক ইউনিয়ন গঠন করেন শফিউদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
শ্রমিক আন্দোলনের পাশাপাশি নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনেও সম্পৃক্ত ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে গুরুত্ব দিয়েছেন এই শ্রমিক নেতা।
২০১৮ সাল থেকে অসুস্থতার কারণে তিনি অনেকটা ঘরবন্দি হয়ে পড়েন। ২০২০ সালের ১৫ নভেম্বর তাঁর মৃত্যু হয়। নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলনের ইতিহাসে তাঁর দীর্ঘদিনের ভূমিকা স্মরণীয় হয়ে রয়েছে।





































