সোনারগাঁয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ড্রেজার অকেজো করল প্রশাসন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অন্যের ফসলি জমি জোরপূর্বক দখল করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল-আমিন সরকারের ভাই আওয়ামী লীগ নেতা ফয়েজ সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ ধ্বংস ও ড্রেজার মেশিন অকেজো করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, পঞ্চবটী এলাকায় মামলাধীন ফসলি জমি জোরপূর্বক দখল করে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, পঞ্চবটী কবরস্থান থেকে হামছাদী পর্যন্ত আরসিসি ঢালাই সড়কের কাজে বালু সরবরাহের ঠিকাদারি কাজ প্রভাব খাটিয়ে পান ফয়েজ সরকার। পরে নামমাত্র মূল্যে জমি কেনার কথা বলে স্থানীয় বাসিন্দাদের ফসলি জমি দখল করে সেখান থেকে বালু উত্তোলন শুরু করেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তবে তাঁর ভাই ফয়েজ সরকার এলাকায় প্রভাব বিস্তার ও জমি দখলসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ভাইয়ের অনুপস্থিতিতে ফয়েজ সরকার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের কার্যক্রমে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্যে ভূমিকা রাখছেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে স্থানীয় সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে ফয়েজ সরকার তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
সাংবাদিকদের অভিযোগ, এ সময় ফয়েজ সরকার নিজের পরিচয় গোপন রেখে তাঁদের উদ্দেশে বলেন, ‘যা দেখার এসিল্যান্ড দেখবে, আপনারা কেন এসেছেন।’ একপর্যায়ে তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন।
পরে অবৈধ বালু উত্তোলনের তথ্য পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সোনারগাঁ থানা পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ বিনষ্ট এবং ড্রেজার মেশিন অকেজো করে অপসারণ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ফয়েজ সরকার ও তাঁর সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা অর্থদণ্ড দেওয়া সম্ভব হয়নি।
ফয়েজ সরকারের বিরুদ্ধে জমি দখল, প্রভাব খাটানো ও সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।





































