কাশীপুরে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে আগুন দেওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত দেড়টায় দেওয়ান বাড়ি সংলগ্ন গ্রামীণ ব্যাংকের কাশীপুর শাখার গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে দুইজন ব্যক্তি এসে আগুন লাগিয়ে চলে যায়। এলাকাবাসী টের পেয়ে দৌড়ে ধরার চেষ্টা করেছিল। কিন্তু অন্ধকারের সুযোগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজন বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত নিভিয়ে ফেলায় আগুনে তেমন ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের কাশীপুর শাখার ম্যানেজার চিন্ময় বেপারি জানান, সকালে বাড়ির মালিক আমাদের জানিয়েছেন ব্যাংকের সামনে আগুন দেওয়া হয়েছিলো। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
তিনি আরও বলেন, আগুন লাগার সঠিক তথ্য নিশ্চিত না হওয়ায় আমরা এখনো থানা পুলিশকে জানাইনি।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, বিষয়টি শুনেছি, এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।





































