উপজেলা ও পৌরসভা নির্বাচনে নারায়ণগঞ্জ এনসিপির তিন প্রার্থীর নাম ঘোষণা
স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুটি পৌরসভার মেয়র পদে তিনজন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এনসিপির নারায়ণগঞ্জ জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও জেলার উত্তরাঞ্চলের সাংগঠনিক তত্ত্বাবধায়ক মো. ইউসুফ হোসেনকে প্রার্থী করা হয়েছে।
এ ছাড়া তারাবো পৌরসভার মেয়র পদে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম মিয়া এবং সোনারগাঁ পৌরসভার মেয়র পদে এনসিপির সোনারগাঁ উপজেলা শাখার আহ্বায়ক ও জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা খন্দকারকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সারোয়ার তুষার এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।
এদিন দ্বিতীয় ধাপে সারা দেশের ১০০টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি।
এ সময় সারজিস আলম জানান, নভেম্বর ও ডিসেম্বর মাসে সারা দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপি-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলটি এককভাবে অংশ নেবে বলেও জানান তিনি।





































