গণসংহতি আন্দোলনের উদ্যোগে ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে গণসংহতি আন্দোলন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের ডনচেম্বার এলাকা এবং বন্দর উপজেলায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা প্রচার সম্পাদক শুভ দেব, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব মো. সোহাগ, ১২ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য সচিব মো. বকুল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহা, সাধারণ সম্পাদক সৌরভ সেন ও নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার সংগঠক নাজমা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, "মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এ দেশের নিপীড়িত, বঞ্চিত ও মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিসংবাদিত নেতা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে লড়াই এবং স্বাধীন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনীতি ছিল শোষিত মানুষের মুক্তি, সাম্য, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। ক্ষমতা কিংবা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি সারাজীবন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।"
তিনি আরও বলেন, "ভাসানীকে কেবল স্মরণ করলেই চলবে না, তাঁর দেখানো পথ ও সংগ্রামের চেতনাকে ধারণ করে বর্তমান সময়ের করণীয় নির্ধারণ করতে হবে। শ্রমজীবী ও প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।"
কর্মসূচিতে নেতারা মওলানা ভাসানীর সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের আদর্শ ধারণ করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।





































