সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও জাসাসের নেতাকর্মীদের অবস্থান
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের একটি সড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে প্রতিবাদ জানান।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও জেলা জাসাসের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আলম মানিক।
প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম মানিক বলেন, “লকডাউনের নামে দেশব্যাপী কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে ও কঠোর হাতে প্রতিহত করা হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপি, ছাত্রদল যুবদল কৃষকদল, স্বেচ্ছা সেবক দল, জাসাস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি সেলিম শেখ, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি মো. হানিফ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সদস্য আব্দুল্লাহ প্রধান ও শাহ আলম।
এ ছাড়া নাসিক ৬ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বাবুল, ৭ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি সোলাইমান, ৮ নম্বর ওয়ার্ড জাসাসের সহসভাপতি সুমন আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক ইকবাল আহম্মেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































