১৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫৮, ১৭ নভেম্বর ২০২৬

লক্ষ্মীনারায়ণ কটন মিলসে আন্তর্জাতিক মানের মন্দির হবে: রমেশ দত্ত

লক্ষ্মীনারায়ণ কটন মিলসে আন্তর্জাতিক মানের মন্দির হবে: রমেশ দত্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দিরের জায়গায় আন্তর্জাতিক মানের মন্দির হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রমেশ দত্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্দিরটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মন্দিরটি পরিদর্শনকালে রমেশ দত্ত এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার তাঁকে সেখানে পাঠিয়েছেন।

রমেশ দত্ত বলেন, ‘আইনগত ন্যায়সঙ্গত মন্দিরের ন্যায্য জায়গা কেউ দখল করতে পারবে না। এখানে আন্তর্জাতিক মানের মন্দির হবে, এই মন্দির প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের শতভাগ হিন্দু সম্প্রদায় আমাদের ভোট দিয়েছে। আপনারা পলাতক শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিয়ে ট্যাগ খাবেন না, এই ট্যাগ খেলে আমাদের সাথে আপনাদের দূরত্ব তৈরি হবে।’

বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায় জানান, মন্দিরের জায়গা উদ্ধার করা হবে এবং পূজা-অর্চনায় কেউ বাধা দিতে পারবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

সুমন কুমার রায় বলেন, ‘ভয় পাওয়ার কিছু নাই অ‌ধিকার আদায় ক‌রে নি‌তে হয়, আমরা আমা‌দের অ‌ধিকার আদায় ক‌রে নিব।’

এ সময় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শীপন প্রায় দেড় যুগ ধরে নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরেন।

পরিদর্শনের সময় বিশ্ব হিন্দু ফেডারেশনের নেতা সন্তোষ চন্দ্র দাস এবং বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রীয় নেতা কানুলাল কর, প্রানতোষ তালুকদার, প্রসেনজিৎ বকশী ও রুপম সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়া পূজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়