ফ্যামিলি কার্ড নিয়ে সোনারগাঁয়ে অবহিতকরণ সভা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আগামী চার বছরের মধ্যে দেশের ২ কোটি ১৫ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত প্রেস কনফারেন্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সমাজকল্যাণমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। একই সময়ে সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিডিও কনফারেন্সে অংশ নেন।
সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ‘ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি। এ কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি বলেন, প্রকৃত সুবিধাভোগীরা যাতে সরকারি সহায়তা পান, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইসহ সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।’
অনুষ্ঠানে জানানো হয়, সরকারের এ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের আরও বেশি পরিবারকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করবে।





































