আইনজীবী মুনির উদ্দিনের স্মরণে আদালতপাড়ায় শোকসভা
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. মুনির উদ্দিনের মৃত্যুতে তাঁর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বার ভবনের নিচতলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় সভায় সহকর্মীরা মুনির উদ্দিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁরা তাঁর পেশাগত সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলির প্রশংসা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বক্তারা বলেন, মুনির উদ্দিন ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল আইনজীবী। পেশাগত আদর্শ ও সহকর্মীদের প্রতি আন্তরিক আচরণের মাধ্যমে তিনি সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যু আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট নবী হোসেন ও অ্যাডভোকেট আব্দুল গাফ্ফারসহ সমিতির সদস্যরা।
সভা শেষে মুনির উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





































