২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কোরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ার আহ্বান এমপি মারজিয়া বেগমের

কোরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ার আহ্বান এমপি মারজিয়া বেগমের

কোরআন ও সুন্নাহর শিক্ষার আলোকে ব্যক্তি ও সামাজিক জীবন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য মারজিয়া বেগম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘মহিলা রুকন শিক্ষাশিবিরে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মারজিয়া বেগম বলেন, “ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণের জন্য আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহর শিক্ষার আলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে।”

তিনি বলেন, “রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা দৈনন্দিন জীবনে ইসলামের পূর্ণাঙ্গ সুফল লাভ থেকে বঞ্চিত হচ্ছি। সমাজে ন্যায়বিচার ও নৈতিকতার অভাবে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার ও ইনসাফ নিশ্চিত করতে ইসলামি সমাজব্যবস্থার কোনো বিকল্প নেই।”

ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এ জন্য ত্যাগী ও আদর্শবান কর্মী প্রয়োজন, যারা নিজেদের জীবন কোরআন ও হাদিসের আলোকে গড়ে তুলবেন এবং নিজেদের সামর্থ্য দিয়ে এ লক্ষ্যে কাজ করবেন।

নারায়ণগঞ্জ মহানগরী মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ফাতেমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আমেনা বেগম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চল তদারককারী শামীমা বেগম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক রাহিমা নাসরিন।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা সংগঠনের আদর্শ ও মূল্যবোধ বজায় রেখে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষাশিবির শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়