২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত

সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত

সাত মাসের ব্যবধানে নারায়ণগঞ্জকে আওয়ামী লীগের ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করে গণতান্ত্রিক ও বসবাসযোগ্য নগরীতে পরিণত করা হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

রোববার (২৭ সেপ্টেম্বর) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি করেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, “দুই হাজার ছাত্র-জনতার রক্তে শেখ হাসিনার হাত রঞ্জিত। হাজার হাজার মাইল দূরে পালিয়ে থেকে নানা ডেডলাইন বা মিথ্যা মেসেজ দিয়ে নারায়ণগঞ্জের শান্তিপ্রিয় মানুষকে আর উসকানি দেওয়া যাবে না।”

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের আদালতে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগ এখন স্বাধীন। অন্য দেশে অবস্থান করে ‘বোমাবাজির চক্রান্ত’ না করে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়া উচিত।

তিনি বলেন, “অতীতে যারা রাজপথে দাঁড়িয়ে ‘খেলা হবে’ বলে হুঙ্কার দিয়েছিল, গণ-অভ্যুত্থানের পর সেই খেলোয়াড়রাই দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার ও জেল-জুলুমের মধ্যেও নারায়ণগঞ্জে থেকে আন্দোলন-সংগ্রাম করেছে।”

নারায়ণগঞ্জকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় জানিয়ে সাখাওয়াত বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া অপরাধের সিন্ডিকেট ভেঙে দিতে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। নতুন পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, প্রশাসনের এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে আগামী এক মাসের মধ্যে নারায়ণগঞ্জে আরও শান্ত ও নিরাপদ পরিবেশ তৈরি হবে।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

এ সময় মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়