বন্দরে ‘ব্ল্যাক জনি’সহ গ্রেপ্তার ২, মাটির নিচে মিলল ১৬ দেশীয় অস্ত্র
নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে মতিউর রহমান জনি ওরফে ‘ব্ল্যাক জনি’ (৩৯) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের দেখানো স্থান থেকে মাটির নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ১৬টি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “বন্দর থানা এলাকার মতিউর রহমান জনি ওরফে ব্ল্যাক জনি একজন পরিচিত সন্ত্রাসী। সে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের নেতৃত্বের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।”
পুলিশ জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের ঘাড়মোড়া কাজিবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ব্ল্যাক জনি ও তার সহযোগী রিফাত হাসানকে (২৬) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের দেখানো অনুযায়ী ঘটনাস্থলের একটি হাঁসের খামারের দক্ষিণ পাশে মাটির নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটির ভেতরে পাঁচটি লোহার রামদা, এসএস বাটযুক্ত দুটি রামদা, লোহার বাটযুক্ত দুটি রামদা, দুটি ছোরা, দুটি দা ও তিনটি জিআই পাইপ পাওয়া যায়। সব মিলিয়ে ১৬টি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছে।
এ ঘটনায় দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় বন্দর থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, মতিউর রহমান জনি ওরফে ব্ল্যাক জনির বিরুদ্ধে বন্দর ও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি, অস্ত্র আইনে একটি এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় পাঁচটিসহ মোট সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।





































