তিন মাস পর বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন যুবদল নেতা সজীব
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বহিষ্কারের প্রায় তিন মাস পর তাকে আবারও স্বীয় পদে বহাল করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য খায়রুল ইসলাম সজীবকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে।
এর আগে গত ২১ জুন খায়রুল ইসলাম সজীবকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। ওই সময় কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে ‘নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ’ বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
এর আগে একই দিন চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সজীবকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নেয়। পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয় এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
সজীবকে হেফাজতে নেওয়ার পর ওই দিন রাতেই কেন্দ্রীয় যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়। তখন কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছিল, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না এবং দলের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।





































