২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:২১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গডফাদারের নির্দেশে অরাজকতা করলে ছেড়ে দেওয়া হবে না: টিপু

গডফাদারের নির্দেশে অরাজকতা করলে ছেড়ে দেওয়া হবে না: টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ‘আওয়ামী লীগ দেশে নৈরাজ্য এবং সন্ত্রাস সৃষ্টি করার পাঁয়তারা করছে। আমি আমাদের দলের সকল নেতাকর্মীকে আহ্বান জানাতে চাই, আপনারা পাড়া-মহল্লা, মসজিদ-মাদ্রাসা এবং সরকারি সকল অফিস-আদালতের দিকে লক্ষ্য রাখবেন ও পাহারা দেবেন।’

তিনি বলেন, ‘যদি খুনি হাসিনা ও নারায়ণগঞ্জের গডফাদারের নির্দেশে নারায়ণগঞ্জে কোনো অরাজকতা বা সন্ত্রাস সৃষ্টি করা হয়, তবে তোমাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগরীর ডিআইটি মসজিদ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে এ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

সাম্প্রতিক নাশকতার প্রসঙ্গ তুলে টিপু বলেন, ‘আমরা জানি, গত দুই দিন আগে কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব অপকর্মের পেছনে কারা যুক্ত, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘সেই ফ্যাসিবাদের দোসররা এখনও সরকারি অফিস-আদালতে ঘাঁপটি মেরে বসে আছে। আমরা তাদের প্রতিহত করতে চাই এবং সাবধান করতে চাই।’

দলীয় ঐক্য ও রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব বলেন, ‘আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ঐক্যবদ্ধ আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আগামী দিনে যেকোনো নৈরাজ্যের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের ২০ কোটি মানুষের ও নারায়ণগঞ্জবাসীর মুখে হাসি ফোটাতে আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।’

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জাকির হোসেন, আতাউর রহমান মুকুল, আনোয়ার হোসেন আনু ও ফতেহ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আইনজীবী ফোরাম ও মহিলা দলের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সর্বশেষ

জনপ্রিয়