১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ‘অপপ্রচারের’ প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে ‘অপপ্রচারের’ প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকার নবাবী চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বিভিন্ন মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে। এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা নিজেদের অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি মহল বিএনপির নাম ব্যবহার করে ৮ নম্বর ওয়ার্ডে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা ও বানোয়াট’ প্রচারণা চালিয়ে আসছে। সম্প্রতি শেখ শামসুদ্দিন নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও বক্তব্য দিয়েছেন বলেও তিনি দাবি করেন।

মমতাজউদ্দিন মন্তু বলেন, ওই বক্তব্যে তাকে এবং আরও কয়েকজন নেতাকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। তিনি এ অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর প্রতিবাদ জানান।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে থাকা নেতাদের বিরুদ্ধে এ ধরনের প্রচারণা গ্রহণযোগ্য নয়। তিনি শেখ শামসুদ্দিনকে তার বক্তব্য প্রত্যাহার করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে বক্তারা শেখ শামসুদ্দিনের স্বজনদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন। ৮ নম্বর ওয়ার্ডের একটি মেলাকে কেন্দ্র করে মাদক, জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও করেন তারা। এসব অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো স্বাধীন প্রমাণ বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য উপস্থাপন করা হয়েছে কি না, তা জানানো হয়নি।

এ ছাড়া সম্প্রতি সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকায় ফজলুল হক নামে এক বয়স্ক ব্যক্তির মৃত্যুর ঘটনাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন বক্তারা। তাদের দাবি, এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কয়েকজন যুবক ওই বৃদ্ধকে মারধর করেন এবং পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ওই মামলায় শেখ শামসুদ্দিনের নামও রয়েছে বলে দাবি করেন তারা। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশ বা মামলার নথি থেকে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়নি।

বক্তারা বলেন, তারা কোনো ব্যক্তিগত বিরোধে জড়াতে চান না। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে আইন মেনে চলার পাশাপাশি অন্যায় ও অপপ্রচারের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবিলা করবেন।

সংবাদ সম্মেলনে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএস বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডালিম প্রধান, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম প্রধান, যুবনেতা সাইফুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়