১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় বিএনপি নেতা শিপনের বিরুদ্ধে ভেকু কেটে বিক্রির অভিযোগ

ফতুল্লায় বিএনপি নেতা শিপনের বিরুদ্ধে ভেকু কেটে বিক্রির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতের আঁধারে সহযোগীদের নিয়ে একটি এক্সকাভেটর (ভেকু) কাটার মেশিন দিয়ে কেটে খণ্ড-বিখণ্ড করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত সাবেক সহসভাপতি আলাউদ্দিন খন্দকার শিপনের বিরুদ্ধে। এ ঘটনায় শিপনসহ চারজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন মো. সাইদুল ইসলাম।

অভিযুক্ত অন্যরা হলেন আব্দুল মোতালেব হোসেন, শাহিন ও শান্ত। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম (৩৮) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম ও তার ব্যবসায়িক অংশীদার মো. অলিউল্লাহ (৪৫) দীর্ঘদিন ধরে ফতুল্লার নবীনগর ঘাট এলাকায় ভাড়ায় এক্সকাভেটর (ভেকু) পরিচালনা করে আসছিলেন। প্রায় এক বছর ধরে বেকুটির কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ১৩ লাখ টাকা মূল্যের এক্সকাভেটরটি বক্তাবলী ফেরিঘাটসংলগ্ন জাকির মিয়ার ব্রিকফিল্ডে রাখা ছিল।

সাইদুল ইসলামের অভিযোগ, চলতি মাসের ১১ তারিখ রাতে আলাউদ্দিন খন্দকার শিপনসহ অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন ওই স্থানে যান। পরে কাটার মেশিন দিয়ে ভেকুটিকে কেটে একাধিক অংশে খণ্ডিত করা হয়। এরপর খণ্ডিত অংশগুলো অন্যত্র নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে পেরে সাইদুল ইসলাম অভিযুক্তদের কাছে ভেকুটির বিষয়ে জানতে চান এবং ক্ষতিপূরণ দাবি করেন। এ সময় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ওই কথোপকথনের অডিও রেকর্ড তার মোবাইল ফোনে সংরক্ষিত রয়েছে বলে জানান সাইদুল।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়