নিউইয়র্কে বিএনপির বিক্ষোভের মুখে সভাস্থল ছাড়লেন শামীম ওসমান
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান বিদেশে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের এ সংসদ সদস্য সম্প্রতি একাধিক সভায় প্রকাশ্যে বক্তব্যও দিয়েছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিতও হয়েছে।
তবে, গত শনিবার (১৫ আগস্ট) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগ নেতারা। বিএনপির বিক্ষোভের মুখে সভাস্থল ত্যাগ করতে বাধ্য হন শামীম ওসমানসহ অন্যরা।
একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ঘটনার সময়ের ভিডিও বিশ্লেষণে জানা যায়, আওয়ামী লীগের আদর্শিক নেতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে দলটির স্থানীয় নেতারা। ১৫ আগস্ট নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় ওই সভায় শামীম ওসমানও ছিলেন। এমন খবর পেয়ে নিউইয়র্কের স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হন। পরে তারা শামীম ওসমান, আওয়ামী লীগ, শেখ হাসিনা ও শেখ মুজিবের বিরুদ্ধে নানা স্লোগান দেন। উভয়পক্ষের মধ্যে তখন হাতাহাতির ঘটনাও ঘটে।
বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে এক পর্যায়ে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন শামীম ওসমান। উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত হন।
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জা জানান, তার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের কোনো নেতাকেই ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী আন্দোলনে নির্বিচারে সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
অন্যদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের পর সপরিবারে আত্মগোপনে চলে যান চারবারের সংসদ সদস্য শামীম ওসমান। নারায়ণগঞ্জে অসংখ্য খুন, গুম, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য অভিযুক্ত ওসমান পরিবারের প্রভাবশালী এ সদস্যের শহরের জামতলার বাড়িও ভাঙচুর করে বিক্ষুব্দ জনতা। সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হয়।
একাধিক সূত্র বলছে, আত্মগোপনে থেকেই পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছাড়েন শামীম ওসমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে দুবাই, মালয়েশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাবার ছবি ও ভিডিও গত কয়েকমাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।
সম্প্রতি তাকে শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য দিতে দেখা যায়। এর আগে তিনি প্রকাশ্য কোনো সভায় বক্তব্য দিয়েছেন এমন খবর পাওয়া যায়নি।
শামীম ওসমানের প্রকাশ্য বক্তব্যের পর নারায়ণগঞ্জে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে। রাজনৈতিক মহলেও তার এ বক্তব্যের সমালোচনা হয়। শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানিয়েছেন তারা।





































