২১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৩, ২১ আগস্ট ২০২৬

বন্দরে ইসলামী আন্দোলন নেতা হত্যার প্রতিবাদ সিরাজুল মামুনের

বন্দরে ইসলামী আন্দোলন নেতা হত্যার প্রতিবাদ সিরাজুল মামুনের
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী আন্দোলন নেতা মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

শুক্রবার (২১ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় তিনি এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ বার্তায় এবিএম সিরাজুল মামুন বলেন, প্রকাশ্যে কিংবা রাতের আঁধারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজন মানুষকে হত্যা কোনো সুস্থ ও সভ্য সমাজের লক্ষণ হতে পারে না। নারায়ণগঞ্জের বন্দর এলাকা চিহ্নিত অপরাধী, কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসনের নাকের ডগায় এ ধরনের নৃশংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত খুনি ও তাদের নেপথ্যের মদদদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।

তিনি আরও বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে ছাড় দেওয়া যাবে না। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।

এবিএম সিরাজুল মামুন নিহত মুজাহিদুল ইসলাম বুলবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়