১৯ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৭, ১৮ আগস্ট ২০২৬

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র পথসভা

প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র পথসভা

প্রি-পেইড মিটার স্থাপন বন্ধসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জে আবারও পথসভা ও লিফলেট বিতরণ করেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নগরের ২ নম্বর রেলগেট, ১ নম্বর রেলগেট ও বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সহসাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলুর সঞ্চালনায় আয়োজিত পথসভায় বক্তারা পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

তাদের দাবিগুলো হলো প্রি-পেইড মিটার স্থাপন বাতিল, নারায়ণগঞ্জকে ‘বি’ শ্রেণির জেলা থেকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীত করা, মেট্রোরেল সংযোগ নারায়ণগঞ্জ শহর পর্যন্ত সম্প্রসারণ, যানজট নিরসনে নারায়ণগঞ্জ রেলস্টেশন পর্যন্ত জরুরি ভিত্তিতে উড়াল রেলপথ নির্মাণ এবং বিদ্যমান নারায়ণগঞ্জ রেলস্টেশন-চাষাড়া রেলপথকে সড়কপথে রূপান্তর।

এ ছাড়া ঐতিহাসিক হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গ সংস্কার করে আধুনিক সুবিধাসম্পন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং কদম রসূল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তারা।

পথসভায় বক্তারা বলেন, প্রি-পেইড মিটার সাধারণ গ্রাহকদের জন্য দুর্ভোগ তৈরি করছে। তাই এটি স্থাপনের সিদ্ধান্ত বাতিল করতে হবে। একই সঙ্গে নারায়ণগঞ্জের দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বক্তারা বলেন, “দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে নারায়ণগঞ্জের ভুক্তভোগী সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

পথসভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহসভাপতি কুতুব উদ্দিন আহাম্মদ ও হাজী রমজানুল রশীদ, সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হক, সহসম্পাদক আনোয়ার হোসেন দেওয়ান, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, গোলাম রসুল রফিক ও মো. ইয়াকুব আলীসহ অন্যরা।

এ সময় সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহেদুজ্জামান জামান, আবুল সরদার, মাহির হাসনাত রিজন ও জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভা শেষে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়