১৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৫, ১৪ আগস্ট ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি সিপিবির 

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি সিপিবির 

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মাদক, চুরি-ছিনতাই বন্ধ করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় শহরের দুই নম্বর রেলগেট এলাকায় সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি শহর কমিটির সভাপতি আঃ হাই শরীফ।

সমাবেশে বক্তব্য দেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, জেলা কমিটির সদস্য দুলাল সাহা ও ইকবাল হোসেন, শহর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৈত্রী ঘোষ, সম্পাদকমণ্ডলীর সদস্য শাহানারা বেগম, শোভা সাহা, শিশির চক্রবর্তী ও সজিব শরীফসহ নেতারা।

সমাবেশে নেতারা বলেন, দেশজুড়ে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘসময় বিদ্যুতের লোডশেডিং এবং বাসাবাড়িতে গ্যাস না থাকায় রান্নাবান্নায় ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। অনেকে এলপিজি সিলিন্ডার কিংবা কাঠ-বাঁশ ব্যবহার করে রান্নার কাজ সারছেন।

তারা বলেন, গ্যাস সংকটে পরিবহন চলাচল ও শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। ঘনঘন লোডশেডিংয়ের কারণে তীব্র গরমে শিক্ষার্থীদের পড়াশোনা ও ঘুমের ব্যাঘাত ঘটছে। ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিপেইড মিটার স্থাপন ও ‘ভুতুড়ে বিলের’ কারণে অনেক গ্রাহককে আগের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

নেতারা বলেন, জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিল এবং ‘ভুতুড়ে বিল’ বন্ধের দাবি জানান তারা।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তারা বলেন, বাজারে কার্যকর তদারকির অভাব এবং অসাধু ব্যবসায়ী, মজুদদার ও সিন্ডিকেটের কারণে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হচ্ছে। বাজার তদারকি জোরদার করে এসব চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকার ভাঙা রাস্তা দ্রুত সংস্কার, মাদক, চুরি ও ছিনতাই বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

নেতারা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন মহল্লায় সন্ধ্যার পর মাদকসেবী ও কারবারিদের আনাগোনা বেড়ে যায়। পাশাপাশি চুরি-ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মাদক, চুরি-ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সর্বশেষ

জনপ্রিয়