২৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৭, ২১ আগস্ট ২০২৬

৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কৃত ১১ শিশু-কিশোর

৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরস্কৃত ১১ শিশু-কিশোর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের চাঁদমারী এলাকায় টানা ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেয়েছেন ১১ শিশু-কিশোর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় চাঁদমারী এলাকায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে সাইকেল, স্কুলব্যাগ, চকলেট বক্সসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

শিশু-কিশোরদের মোবাইল আসক্তিসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে মসজিদমুখী করতে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ বলেন, এলাকার প্রতিটি মসজিদে শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

একই সঙ্গে সমাজের অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আয়োজনের উদ্যোক্তা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের সভাপতি মো. নাঈম হোসেন মিশাল বলেন, শুরুতে ৫৫ জন শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশ নেয়। পরে ২৬ জন নিয়মিতভাবে এতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১১ জন টানা ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে। এমনকি অনেক শিশু ফজরের নামাজও মসজিদে এসে আদায় করেছে।

তিনি বলেন, “নিজ এলাকায় আমরা প্রথমবারের মতো এ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের আয়োজন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব।”

উত্তর চাষাঢ়া চাঁনমারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহমান বলেন, শিশুদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি উৎসাহিত করতে হবে। তারা নিয়মিত নামাজ পড়লে অন্যায় ও অসৎ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে নামাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়