২১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৯, ২১ আগস্ট ২০২৬

খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গড়তে হবে: তনু

খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গড়তে হবে: তনু

খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বন্দরের কবরস্থান রোডের বালুর মাঠে যুব সমাজ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তনু বলেন, “খেলাধুলার মাধ্যমেই সুস্থ সমাজ বিকশিত হয়। আজকের আয়োজন যেন একদিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, ধারাবাহিকভাবে চলতে হবে।”

তিনি বলেন, রাজনীতি যে যার মতো করলেও এলাকার স্বার্থে সবাইকে একসঙ্গে থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

“একজন তরুণ যখন মাঠে থাকে, তখন সে অপরাধ ও মাদকের মতো কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পায়। তাই তরুণ সমাজকে মাঠে রাখতে হবে, খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে হবে,” বলেন তিনি।

বন্দরে সম্প্রতি ঘটে যাওয়া বুলবুল হত্যার প্রসঙ্গ টেনে তনু বলেন, এ ধরনের ঘটনা কারও কাম্য নয়। অপরাধীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও সামাজিকভাবে সচেতন হতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে সমাজকে অপরাধমুক্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস দূর করার অন্যতম পথ হলো খেলাধুলা। খেলাধুলার কোনো বিকল্প নেই।”

নিজের খেলোয়াড় জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি ফুটবল খেলতেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দলের হয়ে ঢাকায় একাধিকবার খেলেছেন। খেলাধুলার আয়োজনের কথা শুনে বুলবুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালানোর পরও অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে জানান তিনি।

ওসি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ কোনো অপরাধ দেখলে ৯৯৯ নম্বরে বা পুলিশকে জানাতে হবে।

এর আগে বিকেল ৪টায় একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ১৮ সুপার জায়ান্টস ও টিম ব্রাদার্স মুখোমুখি হয়। প্রথমার্ধে ১৮ সুপার জায়ান্টস ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে টিম ব্রাদার্স গোল করে সমতা ফেরায়। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে টিম ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ১৮ সুপার জায়ান্টস।

পরে সন্ধ্যা ৭টায় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুন মিয়া, সমাজসেবক মো. ইউসুফ আতিক মানিক, ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন মাঈন, নারজু, আরিয়ান, নোমান, জুবাইর সোহান, নিপু, হৃদয়, ফাহিম ও মাশফি।

সর্বশেষ

জনপ্রিয়