২৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩১, ২১ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৩৩, ২১ আগস্ট ২০২৬

কাশিপুরে জামায়াতের জনসভা: মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিরোধের আহ্বান

কাশিপুরে জামায়াতের জনসভা: মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিরোধের আহ্বান

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে কিশোর অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কাশিপুর ইউনিয়ন পরিষদে দল সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ফতুল্লার কাশিপুর বড় মসজিদসংলগ্ন মাঠে নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার কাশিপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আক্তার হোসেনের নাম ঘোষণা করেন।

এ সময় ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন—১ নম্বর ওয়ার্ডে অলিউল্লাহ, ২ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন মোল্লা, ৩ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে শামস উদ্দিন আলম, ৬ নম্বর ওয়ার্ডে গোলাম রাব্বি বিশ্বাস, ৭ নম্বর ওয়ার্ডে ডা. আল আমিন, ৮ নম্বর ওয়ার্ডে শহিদ হোসেন ভূঁইয়া এবং ৯ নম্বর ওয়ার্ডে আল-আমিন।

সমাবেশে জামায়াত নেতা খলিলুর রহমান টিটু বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ সমাজ থেকে দূর করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা দেখতে চায় জনগণ।

তিনি বলেন, সরকার যদি এসব অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ছোবল ও অপরাধ থেকে রক্ষা করতে খেলাধুলার পরিবেশ ও পর্যাপ্ত মাঠের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। কাশিপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানার আমীর ও চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. সাইদুর রহমানের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ূম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন ও সহকারী সেক্রেটারি জাকির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়