০৭ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০০, ৬ আগস্ট ২০২৬

স্কুলছাত্রীকে লাথি মারার ভাইরাল ভিডিও: যা জানা গেল

স্কুলছাত্রীকে লাথি মারার ভাইরাল ভিডিও: যা জানা গেল

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা ও লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নদীর পাড়ের হাঁটা পথে (ওয়াকওয়ে) কয়েকজন কিশোরকে সেখান দিয়ে হেঁটে যাওয়া দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতে এবং লাথি মারতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খোঁজ নিয়ে জানা যায়, মাসখানেক আগে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর পাড়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী দু’জন কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ভিডিওটি টিকটকে ছড়িয়ে পড়লে ভুক্তভোগী ছাত্রী ও অভিযুক্ত ১৫ বছর বয়সী এক কিশোরকে শনাক্ত করা হয়। পরে এলাকাবাসীর উদ্যোগে তাকে সামাজিকভাবে সালিশের মাধ্যমে সতর্ক করা হয়।

কাঁচপুরের স্থানীয় লোকজন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার আইনগত ব্যবস্থা নিতে আগ্রহী না হওয়ায় বিষয়টি থানায় গড়ায়নি। ফলে পুলিশও এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার বলেন, “এ ধরনের কোনো অভিযোগ থানায় পাওয়া যায়নি। কেউ অভিযোগ নিয়ে এলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়