২১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৭, ২১ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে সড়ক রক্ষায় ভারী যান চলাচলে বাধা দেওয়ায় ‘হামলা’

সোনারগাঁয়ে সড়ক রক্ষায় ভারী যান চলাচলে বাধা দেওয়ায় ‘হামলা’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কে ভারী যানবাহন চলাচল ঠেকানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন: ওই এলাকার মাহমুদুল ইসলাম শুভ, মায়মুনা আক্তার, পারুল আক্তার, আরাফাত মিয়া, মাহমুদা আক্তার, মুজাহিদ হোসেন ও রাব্বী মিয়া। তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জৈনপুর গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মিত সড়কটি মূলত হালকা যানবাহন চলাচলের উপযোগী। তবে মেঘনা পাল্প অ্যান্ড পেপার লিমিটেডের ভারী যানবাহন নিয়মিত চলাচলের কারণে সড়টির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ নিয়ে গত মে মাসে স্থানীয়রা গণস্বাক্ষর সংগ্রহ করে সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও থানায় লিখিত আবেদন করেন। পরে সড়কটি রক্ষায় ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার উদ্যোগ নেন স্থানীয়রা।

হামলার শিকার ব্যক্তিরা অভিযোগ করেন, বৃহস্পতিবার দুপুরে সিমেন্টবোঝাই একটি ট্রাক ওই সড়ক দিয়ে কোম্পানিতে যাওয়ার সময় স্থানীয়রা সেটি আটকে দেন। খবর পেয়ে কোম্পানির ঠিকাদার ও পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তানভীরের ভাই আবু সাইদের নেতৃত্বে ১০-১৫ জন সেখানে গিয়ে স্থানীয়দের ওপর হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্র, রামদা, লাঠি ও লোহার রড ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছেন আহতরা।

আহত মাহমুদুল ইসলাম শুভ বলেন, ভারী যান চলাচলের কারণে সড়কটি কয়েকটি স্থানে দেবে ও ভেঙে গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন। এরপর ভারী যান চলাচল বন্ধ রাখার চেষ্টা করায় তাদের ওপর হামলা করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাদের হুমকি দিয়েছেন এবং কোম্পানির লোকজন দিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার কথা বলেছেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে আবু সাঈদ বলেন, কোম্পানিতে সিমেন্ট নেওয়ার সময় চাঁদার দাবিতে ট্রাক আটকে দেওয়া হয়। খবর পেয়ে সেখানে গেলে শুভ ও তার লোকজন তাদের ওপর হামলা করেন। এতে তিনি ও তার ভাগিনা আহত হয়েছেন।

এ ঘটনায় আহত শুভর বাবা মহিউদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, হামলার বিষয়টি তার জানা নেই। ফৌজদারি অপরাধের অভিযোগের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে। তবে সড়কে ভারী যানবাহন চলাচলের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়